প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ২১:১১ (সোমবার)
সীমান্তে নারী ও শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

ফেনীর পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্তে নারী ও শিশুসহ চারজনের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জুলাই) বিকেলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের কেতরাংগা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার বেলা ৩টার দিকে এক নারী ও তিন শিশু কেতরাংগা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। স্থানীয় সূত্রে খবর পেয়ে কেতরাংগা বিওপির একটি নিয়মিত টহল দল বিকেল সাড়ে ৩টার দিকে শূন্যরেখা (জিরো লাইন) এলাকায় তাদের অবস্থান শনাক্ত করে। পরে বিজিবির টহল দলের তৎপরতায় তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. এম. জিল্লুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে গোয়েন্দা ও অভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।