‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) ভোর ৬টা ১ মিনিটে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনের প্রথম প্রহরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক প্রশাসক।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “অনেক রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই এ দেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।”
তিনি বলেন, “৪ আগস্ট সিলেটে ফ্যাসিস্ট শক্তি রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। সেদিন আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেকে আহত হয়েছেন, কেউ কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। গোলাপগঞ্জে সাতজন, বিয়ানীবাজারে তিনজন এবং সিলেটে তিনজন শহীদ হন। তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
সিসিক প্রশাসক আরও বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এ আন্দোলনের পথে এম. ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য মানুষ শহীদ ও আহত হয়েছেন। কিন্তু গণতন্ত্রকামী মানুষ কখনো আন্দোলন থেকে পিছিয়ে যাননি। শেষ পর্যন্ত জনগণের বিজয়ই প্রতিষ্ঠিত হয়েছে।”
এরপর একে একে শ্রদ্ধ নিবেদন করেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেটের সিভিল সার্জন ডা. মাহবুবুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নুসরাত লায়লা নীরা, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.