জনদুর্ভোগ কমাতে সিলেটে লোডশেডিং কমানোর জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নগরভবনের সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অনুরোধ জানান।
মতবিনিময়কালে সিসিক প্রশাসক বলেন, বিদ্যুৎ নগরবাসীর দৈনন্দিন জীবনের পাশাপাশি প্রায় প্রতিটি নাগরিক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি সিটি কর্পোরেশনের পানি সরবরাহ, সড়কবাতি, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
তিনি আরও বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ নগরভবনে বিভিন্ন সেবা নিতে আসেন। বিদ্যুৎ না থাকলে কম্পিউটার ও অনলাইনভিত্তিক কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে পানি উত্তোলন ও সরবরাহ ব্যবস্থা এবং নগরীর আলোকায়ন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া আমাদের দায়িত্ব। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোনো নাগরিক যেন অতিরিক্ত ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।” গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো সচল রাখতে পিডিবির সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
জবাবে পিডিবির কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশ্বাস দেন। পিডিবি সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন বলেন,“সিলেটে চাহিদার তুলনায় আমরা সরবরাহ পাচ্ছি কম। তাই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।”
সিসিক প্রশাসকের অনুরোধের পরিপ্রেক্ষিতে নগরবাসীর দুর্ভোগ লাঘবে লোডশেডিং কমানোর আশ্বাস দেন তিনি।
সভায় নগরীর গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো সচল রাখতে সিসিক ও পিডিবির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জরুরি প্রয়োজনে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ জেড এম আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন, বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার, বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকারসহ সিসিক ও পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.