সিলেটের জৈন্তাপুরে স্ত্রী জেসমিন বেগম (২৫)-কে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী গোলাম রফিক ওরফে রশিদ (৫২) এবং তার প্রথম স্ত্রী রুশনা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী ও প্রথম স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাত্তি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রফিক দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। তবে গত কয়েক মাস ধরে দুই স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমের সঙ্গে দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমের ঝগড়া হয়।
অভিযোগ রয়েছে, ঝগড়ার একপর্যায়ে গোলাম রফিক জেসমিনের পেট ও মাথায় প্রচণ্ড আঘাত করেন। এমনকি তার মাথার চুলও কেটে ফেলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় জেসমিনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামী গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করে। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহত জেসমিন বেগমের শরীরে নির্যাতনের বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.