মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও তাঁর টিম উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন।
অভিযানে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন নামের একটি ডায়ালাইসিস সেন্টারে ঔষধ যথাযথভাবে সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরে পুরাতন হাসপাতাল রোড এলাকায় আল হামরা (প্রাঃ) হাসপাতাল-এ অভিযান চালানো হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে একই আইনে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে পৃথক দুটি মামলায় দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.