প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ২০:৫৬ (বুধবার)
হবিগঞ্জে শাশুড়িকে হত্যা জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতা আব্দুল কাদির মিয়া (৫০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১১ আগাষ্ট) দুপুর ১২টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এ রায় প্রদান  করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামাতা হলেন- চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে আব্দুল কাদির মিয়া (৫০)।

আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামী কাদির মিয়ার স্ত্রী বীনা সরকার বিদেশ হতে টাকা পাঠানো নিয়ে শাশুড়ীর সাথে বিরোধ চলে আসছিল। 

এরই জের ধরে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুর বাড়িতে রান্না ঘরে গিয়ে দা দিয়ে শাশুড়ী হাজেরা খাতুন ওরপে মুল্লুক চানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির সরকার বাদি হয়ে একমাত্র কাদির মিয়াকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

২০১২ সালের ৮ মে পুলিশ তদন্ত শেষে আদালতে জার্জশীট প্রদান করেন। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন। 
রায় ঘোষণা কালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. আফজাল হোসেন।

তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এই ধরণের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।