প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ২১:০৪ (মঙ্গলবার)
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহদীসহ আটক ৩

লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীরজা সুমন ও রকি।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

আয়োজকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং দীর্ঘদিনের গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এসব সমস্যা নিরসনের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

তবে মিছিল শুরুর আগেই তিনজনকে আটক করায় ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )জাহিদুল হক বলেন- প্রশানের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়।