যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে দেশে তাঁর মৃত্যুর খবর পৌঁছালে পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহত মাছুম আহমদ বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। তাঁর এক কন্যাসন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে তাদের বাসায় পুলিশ আসে। দরজা খোলার পর পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরে পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ মাছুমের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে পূর্ব কারিকোনা গ্রামের স্থানীয় মসজিদের মাইকে মাছুম আহমদ গুলিতে নিহত হওয়ার খবর জানানো হয়। পরে তাঁর জানাজার সময় জানানো হবে বলে ঘোষণা দেওয়া হয়।
নিহতের বাবা আমির আলী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাঁর ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেন। তবে কী কারণে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পরিবার এখনো নিশ্চিত হতে পারেনি।
পরিবার সূত্রে জানা গেছে, মাছুম আহমদের দুই ভাই ও দুই বোনও পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
মাছুমের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে পূর্ব কারিকোনা গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.