প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ০২:০২ (সোমবার)
মন্ত্রী আরিফুল হকের শিডিউল থাকছেন না সিউকের উদ্বোধন অনুষ্ঠানে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) উদ্বোধন ২৫ আগস্ট। অনাড়ম্বর এই অনুষ্ঠানের উদ্বোধনে বাণিজ্যমন্ত্রী, প্রবাসীকল্যাণ মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং পূর্ত প্রতিমন্ত্রী থাকার কথা। দুপুরে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছিলেন সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর সফরসূচিতেও উল্লেখ ছিল। কিন্তু রাতে সেই সিডিউল পরিবর্তন হয়ে সিউকের উদ্বোধনে থাকার বিষয়টি বদলে গেছে।

প্রথম সূচিতে ২৪ আগস্ট সিলেটে পৌঁছে ২৫ আগস্ট সকালে সার্কিট হাউসে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর জন্য সরকারি অনুদান বিতরণ এবং দুপুরে সিউকের উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের কথা উল্লেখ ছিল। একইদিন বিকেলে সুনামগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ক সভায় যোগদান করার কথা ছিল।

রাত ৯টায় সেই সিডিউল পরিবর্তন করে দুইদিনের সফরসূচির কথা বলা হয়। ২৫ তারিখ বেলা দেড়টার দিকে বিমানযোগে সিলেটে পৌঁছে মন্ত্রী সরাসরি সুনামগঞ্জ যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরদিন কাতারে নিহতদের পরিবারের হাতে চেক বিতরণের কথা উল্লেখ রয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘনিষ্ট একটি সূত্রের দাবি, সিউকের অনুষ্ঠানে থাকার ইচ্ছে ছিল সিলেটের সাবেক নগরপিতার। কিন্তু অনুষ্ঠানে তাঁকে যথাযথ মূল্যায়ন না করায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

জানা গেছে, ২৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের কথা রয়েছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধক হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতর তালিকায় প্রবাসী ও বৈদেশিক কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নাম রয়েছে। সিলেটের সাবেক মেয়র, বর্তমানে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সিনিয়র মন্ত্রীকে এভাবে অবমূল্যায়ন করায় সেই অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নেন মন্ত্রী। স্থানীয় গ্রুপিংয়ের কারণে তাঁকে এভাবে অপমান করার চেষ্টা হয়েছে বলে মত বিএনপির আরিফ ঘরানার নেতাকর্মীদেরও।

যদিও এ বিষয়ে মন্ত্রী আরিফুল হক কিংবা সিউক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।