দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দায়িত্ব।
তিনি বলেন, বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। তবে হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থী বাছাই করবে বলেও জানান তিনি। এ সময়, দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন বলেও প্রত্যাশা করেন রুহুল কবির রিজভী।
দলে জবাবদিহিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রতিটি কাজ ও সরকারের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করেছেন। নেতাকর্মীরা যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে কারও অনৈতিক কাজ করার সুযোগ থাকবে না।’
দলের নেতাকর্মীদের সতর্ক করে রিজভী স্পষ্ট জানান, ৫ আগস্টের পর থেকে দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে চেয়ারম্যান কঠোর ব্যবস্থা নিয়েছেন। সারা দেশে দুই-একজন অপকর্মে জড়িত থাকলেও তাদের অবিলম্বে শুধরে গিয়ে গঠনমূলক কাজে যুক্ত হওয়ার নির্দেশ দেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়ন ও দেশের আর্থিক উন্নয়নে কাজ করে বিএনপিকে জনপ্রিয় করে তুলেছিলেন। আজ তারেক রহমান সেই ধারাবাহিকতায় অত্যন্ত জনপ্রিয় সব কর্মসূচি বাস্তবায়ন করছেন। এসব জনকল্যাণমুখী কাজের মাধ্যমে বিএনপির প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থন আরও বৃদ্ধি পাবে।’
আইটি ল্যাব সলিউশন্স লি.