মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চলমান নদী প্রতিরক্ষা কাজ এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ । পরিদর্শনকালে বাঁধের জরুরি মেরামতের পাশাপাশি নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রতিমন্ত্রী মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদীর উভয় তীরে চলমান নদীতীর প্রতিরক্ষা প্রকল্প পরিদর্শনে যান। সেখানে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, কাজের মান ও নদীভাঙন প্রতিরোধে গৃহীত কার্যক্রমের খোঁজখবর নেন। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।
পরবর্তীতে সকাল ১১টায় তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাডে (আকস্মিক বন্যা) ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে দেখে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে জরুরি মেরামত কাজ শুরু করার নির্দেশ প্রদান করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা মোতাবেক ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি মাঠে এসেছি। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের পাশাপাশি নদী ও বাঁধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দ্রুততম সময়ের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারসহ পানি উন্নয়ন বোর্ডের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.