বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে আগে দেখা দিয়েছিল নানা আলোচনা-সমালোচনা। নদীভাঙন ও আশপাশের ফসলি জমির ক্ষতির আশঙ্কায় আয়োজন নিয়ে আপত্তিও জানিয়েছিলেন স্থানীয়দের একটি অংশ।
তবে সব আলোচনা-সমালোচনা পেরিয়ে গত ২৮ আগস্ট শুক্রবার সুনাই নদীতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
আয়োজনের পর সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নৌকাবাইচ অনুষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত নদীভাঙন কিংবা আশপাশের ফসলি জমির কোনো ক্ষতির সম্মুখীন হননি তারা।
এদিকে, নৌকাবাইচ দেখতে সুনাই নদীর দুই পাড়ে হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন নৌকা দল। তবে শেষ পর্যন্ত ফাইনাল পর্ব অমীমাংসিত থেকে যায়।
লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন ও সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন জানান, নৌকাবাইচ আয়োজনের আগে নদীভাঙন ও ফসলি জমির ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কার কথা উঠেছিল। তবে আয়োজন অনুষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত তেমন কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
তারা বলেন, ভবিষ্যতেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ ধরনের আয়োজন করা যেতে পারে। আর অমীমাংসিত ফাইনাল নিয়ে সোমবার সংশ্লিষ্ট দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.