প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৫ (বুধবার)
মব রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী

মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মব নিয়ন্ত্রণে সরকার অনেকটাই সফল হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এর ফলে সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ কমে আসবে। চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ তৈরি করা হবে।

দুপুরে বিজিবির সিলেট সেক্টরের কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি।

এ ছাড়া বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।