সিলেটের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে শাহ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের প্রায় ১৫ একর জমিতে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতেই এ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সিউকের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ এবং সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর (প্রিন্স)। তারা প্রকল্পের কারিগরি দিক ও ভূমির সার্বিক বিষয় পর্যালোচনা করেন এবং প্রস্তাবিত ১৫ একর জমির মধ্যে শাহ খুররাম ডিগ্রি কলেজ ও স্টেডিয়ামের সীমানা নির্ধারণ করে একটি ডিপিপি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভা ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার ক্রীড়া পরিবেশ উন্নয়নে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.