প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪২ (বৃহস্পতিবার)
সিলেটে কিশোরীর কোমরে শিকল, আটক ৩

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনও নড়েচড়ে বসেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—শাহজালাল উপশহর সি-ব্লক, ৪৪ নম্বর রোডের ৫১ নম্বর বাসার মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার ৫৪ নম্বর বাসার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ জানান, ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর কোমরে শিকল বাঁধা। এক যুবক তাকে শিকল ধরে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় কিশোরীকে অঝোরে কাঁদতে দেখা যায়। বেশ কিছুটা পথ তাকে এভাবে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরের উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার সড়কে ওই কিশোরীকে শিকল বেঁধে হাঁটানো হয়। এর আগে মসজিদ মার্কেট এলাকা থেকে স্থানীয় ব্যবসায়ীসহ কয়েকজন তাকে আটক করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশ বাক্স চুরির চেষ্টা করছিল ওই ১৬ বছর বয়সী কিশোরী। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন ব্যক্তি তাকে আটক করেন। পরে তাকে মারধর করে কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানো হয় বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা কিশোরীকে শাহপরাণ (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে থানায় তার বিরুদ্ধে আটককারীরা কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে।

কিশোরীকে শিকল বেঁধে সড়কে ঘোরানোর বিষয়ে এর আগে ওসি মো. ফেরদৌস আহমদ বলেছিলেন, বিষয়টি তাঁর জানা নেই। কেউ এমন কাজ করে থাকলে তারা অন্যায় করেছেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এখন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।