প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৯ (মঙ্গলবার)
রাত পোহালেই সিলেট আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে ঘিরে সিলেট নগরে বিরাজ করছে উৎসবের আমেজ। তাঁর এক দিনের সফর সামনে রেখে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে পরিচ্ছন্নতা, রং ও সৌন্দর্যবর্ধনের কাজ। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে পৌঁছাবেন রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে তাঁকে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা।


সফর উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডার, কিন ব্রিজ ও সার্কিট হাউস এলাকায় নতুন করে রং করা হয়েছে। বিভিন্ন স্থানে গাছ লাগানোর পাশাপাশি সিটি করপোরেশন ও মাজার এলাকায় চলছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ। নগর ভবনের সংবর্ধনাস্থলে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণও প্রায় শেষ।

নিরাপত্তায় এসএমপির প্রায় এক হাজার সদস্য এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে থাকবেন।


এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।


সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটবাসীর মধ্যে উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়েছে। নাগরিক সংবর্ধনায় বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।