ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জন মারা গেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁরা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং কুলসুমা (৩৫)।
বিকেল ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের স্টোর কর্মকর্তা ডা. ঝন্টু সরকার জানান, লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট। সেটিতে ময়লা-আবর্জনাও জমে ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ভবনের দ্বিতীয় তলার নষ্ট লিফট থেকে আগুনের লেলিহান শিখা অল্প সময়ের মধ্যে আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আটতলা নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নিচে নামতে থাকেন। এ সময় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.