প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৬ (বুধবার)
সিলেটের প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ; রাষ্ট্রপতি

সিলেটের প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে এসে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই অর্জনকে ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করা দেশের মানুষের সবচেয়ে বড় দায়িত্ব। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি। পাকিস্তানে বাংলাদেশের চা আমদানির বিষয়ে দেশটির হাইকমিশনারের সঙ্গে তার আলাপ হয়েছে বলেও জানান তিনি।

সিলেটের মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নে সিলেটবাসীর অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রবাসীরা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।

এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন তিনি।