আজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকানপাট
দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সাময়িক অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের সময়সূচি অনুযায়ী রাত ৮টার মধ্যে দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ করতে হবে।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়সূচিতে ফিরছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। আগের নিয়ম অনুযায়ী, সকাল ১১টায় দোকানপাট খোলা যাবে এবং রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
গত ৫ অক্টোবর জারি করা বিশেষ নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে আবারও রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা কার্যকর হচ্ছে।
চলতি বছর জ্বালানি সংকটের কারণে কয়েক দফায় দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। এপ্রিলের প্রথম দিকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
এরপর কোরবানির ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সাময়িক অনুমতি দেওয়া হয়। জুনে সেই সময় কমিয়ে রাত ৯টা করা হয়। সবশেষ গত ১২ আগস্ট থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়।
বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্ধারিত সময়সূচি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.