সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, গরু, টমেটো, কম্বল, ফল, চা-পাতা, চকলেট, কসমেটিকস, কিসমিস, এনার্জি ড্রিংকস ও আতশবাজি।
শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া ও বিছনাকান্দি বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.