সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের কসমেটিকসসহ ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল বিওপির নিয়মিত টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস ছাড়াও মাল্টা, কম্বল, মহিষ, গরু, চকলেট, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরা জব্দ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়ি আটক করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.