সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে তাঁর বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে একটি পিকআপে করে একদল দুর্বৃত্ত এসে এমএ মালিকের বাসার বাইরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসার বাইরে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় সংসদ সদস্য এমএ মালিক বাসার ভেতরেই ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসায় আগুন দেখতে পেয়ে নিরাপত্তারক্ষী দ্রুত অন্যদের খবর দেন। পরে বাসার লোকজন নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে দুর্বৃত্তরা বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নগর ও জেলার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.