রাজনীতি

সারজিসকে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির

প্রকাশ: ০২ মে ২০২৬ ২০:৪৩

‎অসুস্থ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) তিনি সারজিস আলমের বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

‎জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

‎সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

‎এর আগে অসুস্থ সহযোদ্ধাকে দেখতে হাসপাতালে যান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

‎এ ছাড়া সারজিস আলমকে দেখতে যান এনসিপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলামসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।


‎উল্লেখ্য, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম মূত্রনালীতে পাথরের সমস্যার কারণে মঙ্গলবার জরুরি অস্ত্রোপচার করিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

রাজনীতি থেকে আরো পড়ুন