আন্তর্জাতিক

ইতিহাস গড়লেন থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলে

প্রকাশ: ০৫ মে ২০২৬ ২২:৩৯

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে। 

মাত্র দুই বছর বয়সী দল নিয়ে দীর্ঘ প্রায় ছয় দশক ধরে চলা দ্রাবিড় রাজনীতির দুই প্রধান শক্তির আধিপত্যকে ভেঙে দিয়েছেন থালাপতি।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের প্রয়োজন ছিল আর মাত্র ১১টি আসন। হাতে ১০৭টি আসন নিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠন থেকে সামান্য দূরে আছেন।

এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন হলো বিরুগামবাক্কম, যা চেন্নাই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই আসনে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন।

সাবারিনাথন থালাপতি বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে। তিনি এবার তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার পথে আছেন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জয়ী হওয়া টিভিকে বিধায়কদের তালিকায় তার নামও যুক্ত হচ্ছে।

তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে ২২ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন।

এদিকে তামিলনাড়ুর অন্যান্য জায়গায় হাইপ্রোফাইল ডিএমকে নেতারা একের পর এক পরাজিত হয়েছেন। পরাজিতদের তালিকায় সবচেয়ে বড় নাম মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে হেরে গেছেন।

তবে স্টালিনের ছেলে উধয়নিধি স্টালিন ভালো ফল করেছেন। তিনি চেপক-থিরুভাল্লিকেনি আসনে টিভিকে নেতা সেলভম ডিকে ৭ হাজার ১৪০ ভোটে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন