প্রকাশ: ১৮ মে ২০২৬ ১৩:৩৩
ভারতে রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই আবারো ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ মে) সকালে বিহারের রোহতাস জেলার সাসারাম জংশনে দাঁড়িয়ে থাকা ভাবুয়া-সাসারাম-পাটনা ফাস্ট প্যাসেঞ্জার/ইন্টারসিটি ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন ধরে যায়। এতে পুরো স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
জানা গেছে, সাসারাম জংশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কামরায় সকালে আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি বগি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং আরেকটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বগির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্ল্যাটফর্মজুড়ে চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।
ঘটনার পরপরই রেলকর্মী ও রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পরে আগুন লাগা বগিটি আলাদা করা হয় এবং দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন