সিলেট

তৌহিদী জনতার বাধা উপেক্ষা করে বিয়ানীবাজারে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ২৩:২৪

বিতর্ক, আপত্তি ও নানা জটিলতার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গাংপার যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বৈঠার ছন্দ আর নৌকার ছুটে চলায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সকাল থেকেই বিয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা সুনাই নদীর তীরে আসতে শুরু করেন। জুমার নামাজের পর নদীর দুই পাড়, সড়ক ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে হাজারো মানুষের উপস্থিতিতে পরিণত হয় নৌকা বাইচের আয়োজন।

প্রতিযোগিতায় ‘পাগলা’, ‘হাকালুকি বাঘ’ ও ‘স্বাধীন বাংলা’ নামের নৌকা অংশ নেয়। বিভিন্ন ধাপ শেষে ফাইনালে মুখোমুখি হয় ‘পাগলা’ ও ‘হাকালুকি বাঘ’। তবে দুই নৌকা পৃথকভাবে দৌড় শেষ করায় কাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। ফলে ফাইনালের ফলাফল অমীমাংসিত থেকে যায়।

এর আগে ‘তৌহিদী জনতার’ আপত্তিকে কেন্দ্র করে নৌকা বাইচ আয়োজন নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যস্থতায় গত ২৪ আগস্ট বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়। এরপর নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় নৌকা বাইচ।

স্থানীয় সংসদ সদস্য সিলেট-৬ আসনের এডভোকেট এমরান আহমেদ চৌধুরী প্রতিবছর সুনাই নদীতে নৌকা বাইচ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফাইনালের ফল অমীমাংসিত থাকলেও হাজারো দর্শনার্থীর উপস্থিতি ও বৈঠার ছন্দে সুনাই নদীতে ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা উৎসবের আবহ। নদী, নৌকা আর মানুষের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পায় আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

সিলেট থেকে আরো পড়ুন