প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ২০:৫৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে চীন। একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রে নৌ অবরোধ তুলে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
বুধবার নিজের সামাজিক যোগোযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি বলে চীন খুব খুশি। আমি এটা করেছি তাদের জন্য এবং সারা বিশ্বের জন্যেও। এই পরিস্থিতি আর তৈরি হবে না। তারা (চীন) ইরানে অস্ত্র না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসাথে কাজ করছি! এটা কি মারামারির চেয়ে ভালো নয়??? কিন্তু মনে রাখবেন, আমরা লড়াই করতেও খুব পারদর্শী, যদি দরকার পড়ে, (এক্ষেত্রে) অন্য সবার চেয়ে অনেক ভালো!!!’
এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে তেহরানকে অস্ত্র না দেওয়ার অনুরোধের কথা জানিয়েছিলেন ট্রাম্প।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। তবে চিঠি আদান-প্রদানের সময় সম্পর্কে নির্দিষ্ট কিছু বলেননি তিনি। যদিও গত সপ্তাহে তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের ওপর সঙ্গে সঙ্গে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, ‘আমি তাকে (শি জিনপিং) চিঠি লিখে এমনটা না করতে বলেছিলাম। তিনি আমাকে ফিরতি চিঠিতে জানিয়েছেন, নিশ্চিতভাবে তিনি এমন কিছু করছেন না।’
ট্রাম্প আরও বলেন, ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাত এবং ভেনেজুয়েলার পরিবর্তনের কারণে বৈশ্বিক তেলের বাজারে ওঠানামা হয়েছে। তবে, আগামী মাসে শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত বৈঠকে এর প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘তার (চীন) তেলের প্রয়োজন আছে, আমাদের নেই।’
সূত্র: বিবিসি
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন