সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২ ভুক্তভোগীকে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন যতরপুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। চক্রের সদস্যরা কৌশলে দুই তরুণকে মেন্দিবাগ এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের একটি বাসায় নিয়ে জিম্মি করে।
অভিযোগ রয়েছে, সেখানে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোবাইল ফোন, মূল্যবান অলংকার ও নগদ অর্থ জোরপূর্বক আদায় করা হয়। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে তাদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা চালানো হয় এবং পরবর্তীতে প্রায় ৯০ হাজার টাকা আদায় করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে কোতোয়ালী মডেল থানায় যোগাযোগ করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১০ এপ্রিল ভোরে ঘটনাস্থল থেকে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ এবং ভুক্তভোগীদের উদ্ধার করে।
এ সময় অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি সিএনজি অটোরিকশা এবং একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন