প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:২৫
প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠছে পুরো নগরী। চলছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কার্যক্রম। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনায় চলছে রঙের ছোঁয়া। একইসঙ্গে দ্রুতগতিতে এগিয়ে চলছে বন্যা নিয়ন্ত্রণে অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ।
রোববার দুপুরে ক্বিনব্রিজ সংলগ্ন এলাকায় সিলেট নগরীর বন্যা নিয়ন্ত্রণে অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং প্রধানমন্ত্রীর সফর সফল করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন,“আমরা পিছিয়ে পড়া সিলেটকে উন্নয়নের মূলধারায় আনতে চাই। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি অত্যন্ত সদয়। তাঁর উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, রেলওয়ের ডাবল লাইনসহ একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হবে, যা সিলেটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট সফর অত্যন্ত কাঙ্ক্ষিত। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম সিলেট সফর। সফরকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিসিক সূত্র জানায়, নগরকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে বন্যা প্রতিরোধ ব্যবস্থা, ওয়াকওয়ে নির্মাণ, সৌন্দর্যবর্ধন, স্লুইস গেট স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বাস্তবায়ন হবে এই প্রকল্প। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়াও মৃতপ্রায় সুরমা নদীকে পুনরুজ্জীবিত করতে খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে সুরমা ও কুশিয়ারা নদীর নাব্যতা বাড়বে এবং জলাবদ্ধতা নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী ২ মে সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী নতুনকুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন, খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং সিটি কর্পোরেশনে সুধী সমাবেশে যোগদান করবেন। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এখন নতুন সাজে সেজে উঠছে সিলেট নগর। নগরবাসীর প্রত্যাশা, এই সফরের মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে সিলেটে।
সিলেট থেকে আরো পড়ুন