দিনের আলো ফুরানোর আগেই হঠাৎ করে বদলে যায় প্রকৃতির রূপ। পশ্চিম আকাশজুড়ে লাল আভা আর কালো মেঘের আনাগোনা জানান দিচ্ছিল আসন্ন ঝড়ের বার্তা। কিছুক্ষণ পরই শুরু হয় কালবৈশাখী ঝড়।
রোববার সন্ধ্যায় এমন দৃশ্য দেখা যায় সিলেটের আকাশে। ঝড় শুরুর আগে আকাশে লালচে আভা, দমকা হাওয়া আর চারদিকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। মুহূর্তেই বাড়তে থাকে বাতাসের বেগ। পরে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব।
ঝড়ের সঙ্গে ছিল বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত। এতে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও গাছপালা ভেঙে পড়েছে এবং সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।
হঠাৎ এমন বৈরী আবহাওয়ায় দুর্ভোগে পড়েন পথচারী ও শ্রমজীবী মানুষ। অনেককে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়।
আবহাওয়া পরিবর্তনের এমন আকস্মিক রূপে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। তবে ঝড়-বৃষ্টির পর কিছুটা স্বস্তিও ফিরে আসে প্রকৃতিতে।
সিলেট থেকে আরো পড়ুন