সিলেট

কাচ্ছিডাইনে সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

প্রকাশ: ১০ মে ২০২৬ ২২:৩৯

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অবস্থিত কাচ্ছিডাইন রেস্টুরেন্টে পার্কিং ইস্যুকে কেন্দ্র করে শিমুল আহমেদ নামের এক সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার নগরীর জিন্দাবাজার এলাকায় পার্কিংকে কেন্দ্র করে রেস্টুরেন্টটির কয়েকজন কর্মচারী সংবাদকর্মী শিমুল আহমেদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করা হলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিলেটের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। সাংবাদিকরা এ হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে উপস্থিত সাংবাদিকরা বলেন, একজন সংবাদকর্মীর ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।

তবে এ ঘটনায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন