দক্ষিণ ও মধ্য চীনের বিভিন্ন প্রদেশে প্রবল বৃষ্টিপাত এবং এর জেরে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়াও বন্যার কারণে এসব প্রদেশে বেশিরভাগ স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং পরিবহন ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ১৫ জন কৃষি শ্রমিক বহনকারী একটি পিকআপ ট্রাক নদীতে পড়ে গেলে ১০ জন নিহত হন। পৃথক ঘটনায় দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় চারজন, মধ্য হুবাই প্রদেশের একটি গ্রামে তিনজন এবং দক্ষিণ হুনান প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।
চীনের ভিডিও প্ল্যাটফর্ম ডুইয়িনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বহু শহরের আবাসিক ও বাণিজ্যিক ভবন কোথায় হাঁটু পানি কোথাও কোমর পানিতে ডুবে আছে। সেখানে অনেক গাড়ি সম্পূর্ণরূপে ডুবে থাকতেও দেখা গেছে।
চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগর থেকে আসা প্রচুর আর্দ্রতার কারণে ১০০০ কিলোমিটারেরও (৬২১ মাইল) বেশি এলাকা জুড়ে অস্বাভাবিকভাবে তীব্র বৃষ্টিপাত হয়েছে। এতে জিয়াংসি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংসি, গুয়াংডং এবং হাইনান প্রদেশে ভূমিধস, আকস্মিক বন্যা, ভয়াবহ শহরাঞ্চল প্লাবন ও জলাবদ্ধতাসহ বৃষ্টিজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকি রয়েছে।
চীনা আবহাওয়াবিদরা আরও সতর্ক করেছেন, আগামী দুই দিনে তীব্র আবহাওয়া ধীরে ধীরে চীনের পূর্ব ও দক্ষিণ দিকে অগ্রসর হবে। আগামীকাল বুধবার থেকে ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন অববাহিকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে চীনা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্যোগ ত্রাণের জন্য ১৫ কোটি ইউয়ান (২.২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) বরাদ্দ করেছে এবং বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম চালু করেছে।
সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন