সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা হামলা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দমনে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ কী—তা জাতীয় সংসদে জানতে চেয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান। আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই মাস উপলক্ষে দেশব্যাপী ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সোমবার সাভারে আয়োজিত সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে নেতারা মঞ্চে ওঠার ঠিক আগে রহস্যজনকভাবে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে বক্তব্য চলাকালে সমাবেশস্থলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। পরিস্থিতির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করে নেতাদের থানা গিয়ে আইনগত সহায়তা নিতে হয় বলেও জানান তিনি।
আখতার হোসেন বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে যখনই তারা কোনো কর্মসূচি পালন করেন, তখনই একটি মহল তা নস্যাৎ করার চেষ্টা করে। এর আগেও দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সর্বশেষ সাভারের ঘটনাও একই ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, বিরোধী দলের সমাবেশের সময় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো এবং কীভাবে জনসমাগমের মধ্যে বিস্ফোরণের মতো ঘটনা ঘটল। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকারের অবস্থান জানতে চান।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকায় সরকারের পক্ষ থেকে জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাভারের ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ও স্বচ্ছ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
রাজনীতি থেকে আরো পড়ুন