বিনোদন

জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ২২:৫৬

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত জামিনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন বলেন, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় সব মামলায় তিনি জামিনে আছেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। এর আগে গত ১৫ জুন এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। প্রথমে অল্প অঙ্কের অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের বিনিয়োগ করানো হয়। পরে মুনাফাসহ টাকা ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। 

বিনোদন থেকে আরো পড়ুন