সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও অন্যান্য রাজনৈতিক কার্যক্রম প্রতিরোধে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও অবহেলার অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতারেরদাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রদলের জেলা ও মহানগর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ কমিশনার কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদল নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও সিলেট নগরীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণীর কর্মকর্তার পরোক্ষ মদদ ও অবহেলার কারণেই নিষিদ্ধ ছাত্রলীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা জানান, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে সিলেটে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছে, তার মূল হোতারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে সিলেটে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারেরদাবি জানান তারা। অন্যথায় পুলিশের এমন নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।”
দুপুর দুইটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাথে বৈঠক করছিলেন।
এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা কি দাবিতে কর্মসূচি পালন করছেন সে বিষয়ে আমার কাছে সঠিক কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদলের পাঁচ সদস্যে একটি দল কমিশনার স্যারের সাথে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে বিস্তারিত বলা যাবে।
সিলেট থেকে আরো পড়ুন