হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
ভয়াবহ এই দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে বেজুরা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেজুরা সেতুর ওপর ঢাকাগামী একটি তেলবাহী লরির সঙ্গে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বিকট শব্দে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা রিপন মিয়া ও অটোরিকশার যাত্রী আবুল খায়ের নিহত হন।
ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন