সিলেট

সিলেটের সাবেক প্রভাবশালী মন্ত্রী-এমপিরা কে কোথায়

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ২১:৪১

ঐতিহাসিক জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের গত দুই বছর সিলেটে এককালের প্রভাবশালী আওয়ামী সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যরা এখন ও চরম বিপর্যস্ত। অনেকটা দিশেহারা অবস্থায় দিন কাটছে তাদের।

ক্ষমতার উত্তাপে একসময় মাঠ কাঁপানো সেই নেতাদের বড় একটি অংশ এখন কারাবন্দি। অনেকে দাড়ি-চুল কেটে ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে বিদেশে আত্মগোপনে। আর হাতে গোনা কয়েকজন দেশেই, গোপন আস্তানায়। গ্রেফতার আতঙ্কে কিংবা জামিনে মুক্ত হয়ে নিভৃতে সময় পার করছেন।


সিলেটের চার জেলায় খোঁজ নিয়ে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে গ্রেফতার হওয়া সিলেট-৪ আসনের চারবারের সাবেক এমপি, সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-৪ আসনে আধিপত্য বিস্তারকারী সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, হবিগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (বর্তমানে জামিনের চেষ্টা চালিয়েও অন্যান্য হত্যা মামলায় আটক) ও সাবেক পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট  মো. মাহবুব আলী বর্তমানে বিভিন্ন হত্যা ও সহিংসতা মামলায় কারাবন্দি।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নানা বিতর্কিত মন্তব্য করা ড. এ কে আব্দুল মোমেন (সিলেট-১) মাস ছয়েক দেশে গা-ঢাকা দিয়ে থাকার পর চোরাই পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপর হন। সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ভারত হয়ে এখন যুক্তরাজ্যে। সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবও যুক্তরাজ্যে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল (মৌলভীবাজার-২) ভারত ও মালয়েশিয়ায় দলীয় কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন।

একইভাবে, সিলেট সিটি করপোরেশনের ক্ষমতাচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জের সাবেক এমপি মো. আবু জাহির, মৌলভীবাজারের মোহাম্মদ জিল্লুর রহমান ও সাবেক আমলা ড. মোহাম্মদ সাদিক বর্তমানে যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছেন।

বিপরীতে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান গ্রেফতার হওয়ার পর আদালতের জামিনে নিজ বাড়িতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। অনুরূপ অবস্থা সুনামগঞ্জ ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিকের।


সিলেটের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন ও দিরাই-শাল্লার সাবেক এমপি জয়া সেনগুপ্তা দেশের ভেতরেই আছেন। তবে কে কোথায় তা স্পষ্ট জানাতে নারাজ স্বজনরা। আওয়ামী সরকারের অনুসারী আল ইসলাহ নেতা মাওলানা মোহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী (সিলেট-৫) এলাকায় অনেকটা নীরবেই আছেন।

এক নজরে কে কোথায়

বিদেশে পলাতক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন (যুক্তরাষ্ট্র), সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (যুক্তরাজ্য), হাবিবুর রহমান হাবিব (যুক্তরাজ্য), শফিউল আলম চৌধুরী নাদেল (ভারত/মালয়েশিয়া), সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট  রঞ্জিত চন্দ্র সরকার (যুক্তরাজ্য), মোয়াজ্জেম হোসেন রতন, মো. আবু জাহির (যুক্তরাজ্য), মোহাম্মদ জিল্লুর রহমান (যুক্তরাজ্য) এবং ড. মোহাম্মদ সাদিক।

কারাগারে বন্দি: সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী।

জামিনে মুক্ত: সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও মুহিবুর রহমান মানিক।

দেশে গোপনে নীরব: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. শাহাব উদ্দিন, জয়া সেনগুপ্তা এবং নিষ্ক্রিয় মাওলানা মোহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন