সিলেট

জিন্দাবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বছরের শিশুর

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৪

ছবিঃ এ আই দিয়ে নির্মিত

সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কোতোয়ালী থানাধীন জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ নগরের এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকার রাকিবুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাকিবুল ইসলাম তার শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশু আব্দুল্লাহ। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে হাসপাতালেও গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।
 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন