বাংলাদেশ

লাউ-জালির দামে সেঞ্চুরি!

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ ১১:৩৯

টানা কয়েক দিনের বৃষ্টিপাত ও সরবরাহ ঘাটতির কারণে সবজির বাজারে আগুন লেগেছে। ক্রেতাদের অভিযোগ— প্রতিদিন বাজারে গেলে নতুন নতুন দামের ধাক্কা সামলাতে হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে লাউ ও জালির দাম। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতি পিচ লাউ-জালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী, শ্যামবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন দাম দেখা যায়।

লাউ বিক্রেতা জসিম বলেন, আজকে লাউয়ের দাম শুনে অনেক ক্রেতেই ফিরে যাচ্ছেন। গত সপ্তাহে ৭০-৮০ টাকায় লাউ বিক্রি করেছি। কিন্তু এই সপ্তাহের কেনা বেশি তাই বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।

অপর এক বিক্রেতা বলেন, টানা বৃষ্টিতে গ্রামীণ হাট থেকে যথেষ্ট সরবরাহ আসছে না। ফলে পাইকারি বাজারেই দামে আগুন, খুচরা বাজারে তার প্রভাব পড়ছে। শুধু লাউ নয়, করলা, ঢেঁড়স, পুঁইশাকসহ প্রায় সব সবজির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

রাজধানীর শ্যামবাজারেও একই চিত্র দেখা গেছে। এখানে মাঝারি সাইজের একটি লাউ বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। তবে ছোট লাউ ৭০-৮০ টাকা। এছাড়া বড় সাইজের জালিও ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে।

ওই বাজারের ব্যবসায়ী সায়েম বলেন, আমাদের সামান্য লাভ থাকে। আড়ত থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। যেমন কেনা তেমন বিক্রি। অনেক ক্রেতা দাম জেনেই চলে যাচ্ছে। তাই আড়ত থেকে কম নিয়ে এসেছি।

ক্রেতাদের দাবি, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তো মাংস না খেয়ে সবজি খেতে চেয়েছিলাম, এখন দেখি সবজিই খাওয়া দায় হয়ে যাচ্ছে। এক লাউয়ের দাম ১০০ টাকা—এটা কোনোভাবে গ্রহণযোগ্য না।

সরকারি সংস্থার বাজার মনিটরিং কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তাদের মতে, নিয়মিত অভিযান ও তদারকি ছাড়া বাজারে অস্বাভাবিক দাম বাড়ানো ঠেকানো সম্ভব নয়। এভাবে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে বাজার কাঠামো ভেঙে পড়বে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন