সিলেট

অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে অধ্যক্ষ বরখাস্ত সুনামগঞ্জে

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ০০:১৪

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরখাস্তের বিষয়টি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর–এর মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসকের কাছেও অনুলিপি প্রেরণ করা হয়।

অ্যাডহক কমিটির সদস্যরা জানান, গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাবসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও অধ্যক্ষ খায়রুল আলম সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনে গাফিলতি এবং কমিটির সিদ্ধান্তসমূহ যথাযথভাবে রেজুলেশনভুক্ত না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৮ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় তাকে আগামী দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. মর্তুজ আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি বাছির মিয়া বলেন, ‘গত পাঁচ বছরের বিদ্যালয়ের হিসাব তিনি দিতে পারছেন না। এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।’

বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি মো. আবু সুফিয়ান টিপু জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার ৫৪(১) ধারার আলোকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ খায়রুল আলমের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিলেট থেকে আরো পড়ুন