সিলেট

নেতাকর্মীদের সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান তাহসিনা রুশদীর লুনার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ ১৯:০৬

সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরের সচেতন জনগণ ও বিএনপি নেতাকর্মীদের প্রতি এক আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান উসকানিমূলক প্রচারণা ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের জবাবে নেতাকর্মীদের সংযম ও দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তাহসিনা রুশদীর লুনা লিখেন,
“কাউকে অসম্মান করে কখনো নিজে সম্মানিত হওয়া যায় না। খারাপ মন্তব্য করতে শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু ভালো কিছু বলতে ও লিখতে লাগে সুশিক্ষা, ধৈর্য এবং সংস্কার।”

তিনি বিশেষভাবে ওসমানীনগর ও বিশ্বনাথের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উস্কানিমূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া না দেখিয়ে বরং ধৈর্য ধরে সচেতনতামূলক বার্তা দিন। দলের ভবিষ্যৎ করণীয়, তারেক রহমানের নেতৃত্বে আমাদের করণীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করুন।”

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে লুনা আরও বলেন, “এই বার্তাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটিই এখন নেতাকর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব। সময় নষ্ট না করে সবাই মিলে এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করুন। ইনশাল্লাহ, সফল হবো আমরাই।”

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সত্যের জয় হবেই—ষড়যন্ত্র কখনো দীর্ঘস্থায়ী হয় না।”


---

সারাবেলা পাঠকদের জন্য তাহসিনা রুশদীর লুনার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

> সম্মানিত বিশ্বনাথ-ওসমানীনগরবাসী,
আসসালামুআলাইকুম,
সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সোচ্চার বিশেষভাবে তাদের উদ্দেশ্যে বলছি, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উস্কানিমূলক বক্তব্যের জবাব দেয়া থেকে বিরত থাকুন।
কাউকে অসম্মান করে কখনো নিজে সন্মানিত হওয়া যায় না। কারণ খারাপ মন্তব্য করতে কখনো কোন শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু ভালো মন্তব্য, ভালো কিছু লিখতে সুশিক্ষার প্রয়োজন হয়।
মানুষের কথা, তার আচরণের মাধ্যমে তার শিক্ষা, রুচি এবং বংশের পরিচয় মেলে।
ষড়যন্ত্র করে কেউ কখনো সফল হয় না। প্রয়োজন শুধু ধৈর্য্য আর পরিশ্রম। অন্যের খারাপ কথাকে গুরুত্ব দিয়ে সময় নষ্ট না করে দলের বিষয়ে, আগামী দিনে বিএনপির করণীয় সম্পর্কে সচেতনতামূলক লেখা লেখুন, মানুষকে উদ্বুদ্ধ করুন।
ধানের শীর্ষ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেবার যে দায়িত্ব আপনাদের দিয়েছি সেটা নিষ্ঠার সঙ্গে পালন করুন।
সফল হবো আমরাই ইনশাল্লাহ।
শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।
— তাহসিনা রুশদীর লুনা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

সিলেট থেকে আরো পড়ুন