সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে সিলেট-তামাবালি মহাসড়কে দুটি দুর্ঘটনায় দুজন ও সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে একজন মারা যান।
সোমবার সকাল ও দুপুরে সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের শান্তিগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক কিশোরী নিহত হন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হন। উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের মেইন গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুসরাত জাহান তাসনিম (১৫) ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। আহতরা হলেন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা যাত্রাবাড়ী থেকে মোহাম্মদ আলীর বোন ও ভাগনিদের নিয়ে সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজিচালিত অটোরিকশা যোগে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেন। চিকনাগুল গ্যাস ফিল্ডসের মেইন গেইট এলাকায় পৌঁছালে সিলেটগামী গেইটলক বাস সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই নুসরাত প্রাণ নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে, দুপুর ১ টার দিকে একই মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক যুবক নিহত হন। তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান মিয়া গুলাল গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান মিয়া মোটরসাইকেল নিয়ে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। তামাবিল হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সিলেটের দিকে আসা একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসান মিয়া গুলালকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পৃথক দুর্ঘটনায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবকাহনগুলো আটক করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এছাড়া সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত উজ্জ্বল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার সকাল ৯টার দিকে ডাবর-জগন্নাথপুর মহাসড়কের সিচনী পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে মৌলভীবাজারের উদ্দেশে যাচ্ছিলেন উজ্জ্বল। পথে সিচনী ব্রিজ পার হয়ে কালাপুল সংলগ্ন মহাসড়কে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত যুবকের মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থলের সামান্য দূরে পড়ে ছিল।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার মুহূর্তে ঢাকা থেকে সুনামগঞ্জগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাসকে দ্রুতগতিতে চলে যেতে দেখা যায়। তবে গতি বেশি থাকায় বাসের নম্বর উদ্ধার করা সম্ভব হয়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। কোন গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিলেটে এখন প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। গত শনিবার সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হন।
সিলেট থেকে আরো পড়ুন