সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানার ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যার ঘটনায় জালাল আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ইসলামাবাদ এলাকায় শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জালাল আহমদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে আপাতত এর বেশি তথ্য জানানো হয়নি।
নিহত শাহাব উদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা ছিলেন। চারখাই বাজারে তাঁর ভোগ্যপণ্যের ব্যবসা ছিল। পরিবার নিয়ে তিনি সিলেট নগরীর ইসলামাবাদ এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ইসলামাবাদ এলাকায় শাহাব উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার মৃত্যু হয়।
এদিকে, অল্প সময়ের ব্যবধানে সিলেট নগরীতে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে গত ১২ আগস্ট রায়নগর মিতালি আবাসিক এলাকার ‘নিকুঞ্জ ভিলা’য় নিজ বাসায় খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।
সেই হত্যাকাণ্ডের তদন্ত চলার মধ্যেই এবার ইসলামাবাদ এলাকায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল। পরপর এসব ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শাহাব উদ্দিন হত্যার ঘটনায় গ্রেফতার জালাল আহমদকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার পেছনের কারণ এবং অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন