সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর বিভিন্ন পদে নিয়োগের ভুয়া আশ্বাস দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছে সিসিক কর্তৃপক্ষ।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই। ফলে নিয়োগের নামে অর্থ লেনদেনের কোনো সুযোগও নেই। একটি অসাধু চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, “সিটি কর্পোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের প্রলোভনে কেউ যেন পা না দেন।”
তিনি আরও জানান, সিসিকের নিয়োগ সংক্রান্ত সকল তথ্য শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়। কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন। প্রতারণার শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।”
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন