সিলেট

সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক উল্টে শ্রমিক নিহত

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ ২১:৫১

সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ (রোববার) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে জকিগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাক হেতিমগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা এক শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

গোলাপগঞ্জ থানার ওসি আরিফুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। ট্রাকটি উদ্ধারের কাজ চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থা ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন