সিলেট

ভূমিকম্পে কাঁপলো সিলেট

প্রকাশ: ১১ জুন ২০২৬ ২২:৫৬

সিলেটে বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বেশ কয়েক সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য ঘরবাড়ি ও ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে ঘরের আসবাবপত্র ও ঝুলন্ত বস্তু কেঁপে ওঠে। নগরীর বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমিকম্পের পরপরই অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে বাসা, অফিস ও বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল, মাত্রা ও গভীরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকেই জানান, কয়েক সেকেন্ডের কম্পন হলেও এর তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন