খেলাধুলা

ব্রাজিলিয়ানদের কাঁপিয়ে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি

প্রকাশ: ১৪ জুন ২০২৬ ২০:৩৬

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম, ব্রাজিলের এতো এতো তারকার মাঝে আলো কেড়ে নিলেন ১৮ বছরের তরুণ মিডফিল্ডার আয়ুব বোয়াদ্দি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওদের মাঝমাঠকে একাই নিয়ন্ত্রণ করলেন। মরক্কোর হয়ে তার বিশ্বকাপ অভিষেক ম্যাচে বোয়াদ্দি যা করে দেখিয়েছেন, তা শুধু একটি দুর্দান্ত পারফরম্যান্স নয়। এটি এক নতুন যুগের সূচনা। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি ছিলেন মরক্কোর মেরুদণ্ড, ব্রাজিলের অভিজ্ঞ তারকাদের পকেটে রেখে খেলেছেন অনায়াস দক্ষতায়।

পুরো ম্যাচে ৮৬ বার বল স্পর্শ, ৯১ শতাংশ পাস নির্ভুলতা, ৯টি ডুয়েল জয়, ৬ বার বল উদ্ধার এবং ৪টি ট্যাকেল। এই সংখ্যাগুলো কোনো সাধারণ তরুণের নয়। বোয়াদ্দি মাঠে যেন একজন অভিজ্ঞ ক্যাপ্টেনের মতো খেলেছেন। তার বল বিতরণ, অবস্থান নির্বাচন এবং প্রেসিংয়ের তীব্রতা দেখে অনেকে মনে করছেন, এই তরুণই হতে পারেন আটলাস লায়ন্সের ভবিষ্যৎ। ম্যাচ শেষে সবার মুখে একটাই নাম আয়ুব বোয়াদ্দি।

ফ্রান্সের সেনলিস শহরে ২০০৭ সালের ২ অক্টোবর জন্ম নেওয়া বোয়াদ্দির ফুটবল যাত্রা শুরু হয় লিলে ক্লাবে। মাত্র তিন মৌসুমে ৯০টির বেশি ম্যাচ খেলে তিনি নিজেকে প্রমাণ করেছেন। ২০২৩ সালে মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় অভিষেক ঘটিয়ে তিনি ইতিহাস গড়েন। ইউরোপের ক্লাব ফুটবলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে। লিলের হয়ে লিগ ওয়ানে তিনি সবচেয়ে কম বয়সি খেলোয়াড়দের একজন। তার উচ্চতা (১.৮৫ মি), বল নিয়ন্ত্রণ এবং দূরদর্শিতা তাকে কেন্দ্রীয় মিডফিল্ডার হিসেবে অনন্য করে তুলেছে।

ক্যারিয়ারের শুরুতে তিনি ফ্রান্সের পতাকা বুকে নিয়েছিলেন। অনূর্ধ্ব-২১ দলে লুক্সেমবার্গের বিপক্ষে অধিনায়কত্বও করেন। কিন্তু মরক্কান বংশোদ্ভূত হওয়ায় দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে শুরু হয় দড়ি টানাটানি। চলতি বছরের মে মাসে ফিফার অনুমোদন পেয়ে মরক্কো জয়ী হয়। মাত্র কয়েক সপ্তাহ আগে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান তিনি। এটি তার জন্য স্বপ্নের মতো

ম্যাচ শেষে সাংবাদিকদের মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, ‘ওর বয়স মাত্র ১৮ বলেই তাকে খেলানোটা ঝুঁকিপূর্ণ ছিল না।’ তিনি আরও যোগ করেন, ‘আমি শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স দেখি, বয়স নয়। সে ভালো খেললে তার বয়স ৩৫ হলেও খেলবে, আবার ১৭ হলেও খেলবে।’

মরক্কোর এই কৌশল নতুন নয়। ইউরোপের বিভিন্ন দেশে জন্ম নেওয়া মরক্কান বংশোদ্ভূত প্রতিভাদের টেনে আনার মাধ্যমে তারা সাফল্য পেয়েছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা ছিল সেই মডেলের চূড়ান্ত প্রমাণ। আয়ুব বোয়াদ্দি সেই ধারার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হয়ে উঠতে চলেছেন।

বিশ্বকাপের গ্রুপ সি-তে ব্রাজিলের সঙ্গে ড্র করে মরক্কো শুরু করেছে শক্তিশালীভাবে। সামনে হাইতি ও স্কটল্যান্ডের ম্যাচ। এই তরুণের পারফরম্যান্সে মরক্কো আশা দেখছে, এবারও চমক দেওয়ার। তার খেলায় আছে শান্ততা, আত্মবিশ্বাস এবং পরিপক্বতা। যা তার বয়সের সঙ্গে মেলে না।

আগামী ১৯ জুন ফক্সবরোতে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্সরা। এর ঠিক পাঁচ দিন পর আটলান্টায় হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মরক্কো। 

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন