সিলেট

সুনামগঞ্জে চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশ: ২০ জুন ২০২৬ ২১:০৫

চাঁদা না দেওয়ায় ক্রয় করা ভিটায় দোকান নির্মাণে বাধা ও জমির মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রতি মিয়া নামে বাজার পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দক্ষিণকুল গ্রামের বাসিন্দা রতি মিয়া আনোয়ারপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি

লাঞ্ছনার শিকার শিক্ষকের নাম মুক্তার হোসেন, তিনি আনোয়ারপুর বাজার এলাকার বাসিন্দা ও এলাকার পাতারী তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শিক্ষক মুক্তার হোসেন বলেন, আমার ক্রয় করা ভিটা, আওয়ামী লীগের আমলে উপজেলা প্রশাসন দোকান ভেঙে দিয়েছিল। এখন অন্যরা ঘর নির্মাণ করা শুরু করলে আমিও উদ্যোগ নিই। কিন্তু বাজার কমিটির সভাপতি দাবিদার রতি মিয়া আমাকে বার বার নিষেধ করছে ও চাঁদা দাবি করছে। তাকে চাঁদা না দেওয়ায় আজ সকালে ডেকে নিয়ে ছাতা দিয়ে আমাকে মারধর শুরু করে। বিষয়টি আমি এমপি মহোদয় ও উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। এমপি মহোদয় পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমি থানায় অভিযোগ করব।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে রতি মিয়া বলেন, আমি বিএনপির একজন কর্মী, আমার কোনো পদ নেই। ২ বছর আগে এসিল্যান্ড মুক্তার হোসেনের দোকান ভেঙে দিয়েছিল। এখন আবার দোকান করার জন্য আমার কাছে পারমিশন চায়, এ নিয়ে কথা-বার্তা হয়েছে। তাকে আমি মারপিট করিনি ও কোনো চাঁদা চাইনি। শুনেছি শিক্ষক এমপির সাবের কাছে গিয়েছিল।  

তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া বলেন, মুক্তার হোসেন নামে একজন সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।

এ বিষয়ে কথা বলতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে ফোন করলে তিনি রিসিভ করেননি। স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, রতি মিয়ার বিএনপির কোনো পদ নেই। তার বিরুদ্ধে একজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে, আমরা এই ঘটনার নিন্দা জানাই। ভিকটিম শিক্ষক আমাদের সামনে এমপি মহোদয়ের কাছে রতি মিয়ার বিরুদ্ধে ২ লাখ চাঁদা দাবি ও লাঞ্ছিত করার নালিশ করেছেন। এ সময় থানার ওসি সাহেব উপস্থিত ছিলেন। এমপি মহোদয় ব্যবস্থা নেওয়ার জন্য ওসি সাহেবকে নির্দেশ দিয়েছেন।  

সিলেট থেকে আরো পড়ুন