১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করা হবে
শনিবার (১১ জুলাই)সকাল ১০টায় মাজার প্রাঙ্গণে এই টাকা গণনার কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে গত ২২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম ৭০০ বছরের প্রথা ভেঙে প্রথমবারের মতো মাজারের টাকা প্রকাশ্যে গণনা করেন।
গত ১২ জুন প্রথমবারের শাহজালালের মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেন সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এরই অংশ হিসেবে গত ১৮ জুন বিকেলে মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক তিনটি দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়।
এ ঘটনার পর জেলা প্রশাসককে নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এ অবস্থার মধ্যেই ২১ জুন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
এরপর গত ২৬ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটিকে এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে মাজার ব্যবস্থাপনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, শনিবার সকাল ১০টা থেকে মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু হবে। কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদরাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালিত হবে। গণনা শেষে সংগৃহীত অর্থ জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
সিলেট থেকে আরো পড়ুন