প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ২০:৫৪
সিলেটের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হজরত শাহজালাল (রহ.) মাজারে জমা হওয়া দানের অর্থ দ্বিতীয় দফায় গণনা করা হবে। প্রথম দফার গণনার মাত্র ১৯ দিনের মাথায় নতুন করে এই কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানান, আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানবাক্স খুলে অর্থ গণনা করা হবে। এ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ জুন সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম। সে সময় মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয় এবং দীর্ঘদিনের ব্যবহৃত তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়।
পরে ২২ জুন শতাব্দীপ্রাচীন প্রচলিত রীতি ভেঙে দানের ডেক ও দানবাক্স খোলা হয়। গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। সেই অর্থ জেলা প্রশাসকের নামে সোনালী ব্যাংকের বিশেষ অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে।
মাজারের আর্থিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ২৬ জুন ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে কার্যকর আর্থিক ব্যবস্থাপনার একটি সুপারিশমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের প্রত্যাহারের পর এবার নতুন কমিটির তত্ত্বাবধানে দ্বিতীয় দফার দান গণনা অনুষ্ঠিত হবে। গণনা শেষে প্রাপ্ত অর্থও আগের নিয়ম অনুযায়ী সোনালী ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখা হবে।
সিলেট থেকে আরো পড়ুন